ইসলামী ঐতিহ্যের যে সকল ব্যক্তির প্রতি আমার মুগ্ধতা কাটতে চায় না আবু ইসহাক শাতেবী রহ. তাদের মধ্যে অন্যতম। তার প্রতি শুধু আমার একার নয় সকল ইলম পিপাসুরই রয়েছে আকাশ ভরা বিস্ময়। কারণ শেকড় অনুসন্ধিৎসা, উসূল ও ফুরুর পরস্পর বোঝাপড়া এবং ফুরুর বিভিন্ন শাখার একে অপরের মাঝে সামঞ্জস্য বিধান তার লেখায় সমান তালে ও প্রচুর পরিমাণে যেভাবে পাওয়া যায় তা অন্যদের কাছে খুব কমই দেখা যায়।
খোদা প্রদত্ত স্বভাবজাত রুচি ছিলো তার এই গুণটির অন্যতম কারণ। তারপর এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে আহলে ইলমগণের তত্ত্ববধানে সুনিবিড় ও একানিষ্ঠ চর্চার মাধ্যমে উসূলুল ফিকহ ও আরবী ভাষায় সুবিশাল দক্ষতা ও গভীর পারদর্শিতা অর্জন। তার রচিত الموافقات، الاعتصام، المقاصد الشافية ও الإفادات কিতাবগুলোর নিয়মিত যে কোনো পাঠক আমার উপরোক্ত কথাগুলো সত্যায়ন করবে বলে আশাকরি।
তার আরেকটি কিতাব ছিলো أصول العربية নামে। ফিকহের জন্য যেমন উসূলে ফিকহ রয়েছে তেমন নাহু সরফের জন্য রয়েছে উসূলুন নাহু। উক্ত কিতাবে শাতেবী রহ. এই উসূলুন নাহুই লিপিবদ্ধ করেছেন। এটা জেনে الموافقات কিতাবের পাঠকরা হয়ত খুবই আগ্রহ বোধ করছেন কিতাবটি সংগ্রহ করার। কারণ শাতেবী রহ. এর উসূলী জ্ঞান ও মনস্কতার ঝলক তারা الموافقات কিতাবে দেখে এসেছেন। কিন্তু দুঃখের সাথে জানাতে হচ্ছে যে তার أصول العربية কিতাবটি এখন আর পাওয়া যায় না। ধারণা করা হয় তার জীবদ্দশাতেই কিতাবটি হারিয়ে গেছে।
তবে একটা 'তবে' রয়েছে। নাহুর প্রসিদ্ধ কিতাব ألفية ابن مالك এর المقاصد الشافية নামে দশ খণ্ডের সুবৃহৎ যে ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন তাতে তার আলোচনা ছিলো গভীরতর ও শেকড় সন্ধানী। উসূল ও ফুরুর মাঝে সামঞ্জস্য বিধানের যে মানিসকতা তিনি লালন করতেন এই কিতাব লেখা কালে যেন সেই মানসিকতা তার উপর প্রচণ্ড ভাবে জেঁকে বসেছিল। ফলে নাহু সরফের দীর্ঘ আলোচনার ভাঁজে ভাঁজে তিনি উসূলুন নাহু কেন্দ্রীক অনেক কথাই বলে রেখেছেন। আর সেই কথাগুলোই একত্র করে আহমাদ ফতহী বশীর একটি সংকলন তৈরি করেছেন مجرد مقالات أبي إسحاق الشاطبي في أصول العربية নামে।
তিনি المقاصد الشافية কিতাবটি একাধিকবার পাঠ করেছেন। সাথে শাতেবীর অন্যান্য কিতাব ও পরবর্তীদের মধ্যে শাতেবীর বক্তব্য যারা খুব বেশি বর্ণনা করেছেন (যেমন ইবনুল আযরাক ও আহমাদা বাবা তুম্বুকতী) তাদের কিতাবগুলোও পাঠ করেছেন। এরপর أصول العربية কেন্দ্রীক শাতেবীর সকল আলোচনা চিহ্নিত করে এমনভাবে তা বিন্যাস দিয়েছেন, মনে হবে যেন এটিই সেই শাতেবীর হারিয়ে যাওয়া أصول العربية কিতাব। তার এই বিন্যাস দেখলে সত্যিই মনে হবে তিনি এই ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে তাওফীক প্রাপ্ত। আর না হয় এত চমৎকার বিন্যাস দেওয়া কারো পক্ষে সম্ভব নয়।
আধুনিক কালে উসূলুন নাহু নিয়ে অনেক কিছু লেখা হলেও তুরাসে এই বিষয়ে স্বতন্ত্রভাবে খুব কম কিতাবই লেখা হয়েছে। ইবনে জিন্নির الخصائص, ইবনুল আম্বারীর لمع الأدلة ও সুয়ূতীর الاقتراح এর পর এই বিষয়ে স্বতন্ত্র তেমন একটা কিতাব পাওয়া যায় না। শাতেবীর কিতাবটি থাকলে নিঃসন্দেহে অনেক ভালো হতো। কিতাবটি হারিয়ে যাওয়ার দুঃখ সব সময় আমাদের বইতে হবে। কিন্তু আহমাদ ফতহী বশীরের এই সংকলনটিতে উসূলুন নাহু সম্পৃক্ত শাতেবীর এত চমৎকার সব আলোচনা সন্নিবেশিত হয়েছে যে তা পাঠ করার পর সেই দুঃখ কিছুটা হলেও লাঘব হবে।
আহমাদ ফতহী বশীরের পক্ষে এমন একটা সংকলন তৈরি করা এই জন্যই সম্ভব হয়েছে যে, উসূলুন নাহু ও শাতেবীর কিতাব নিয়ে তার ব্যস্ততা দীর্ঘ দিনের। তার التداخل والتمايز المعرفي بين النحويين والفقهاء والأصوليين নামে উসূলুন নাহু কেন্দ্রীক গবেষণা ধর্মী চমৎকার কিতাবটি নিয়ে আমি ইতিপূর্বে লিখেছি। শরীয়তে আরবী ভাষার মর্যাদা বিষয়ক শাতেবীর বিভিন্ন বক্তব্য নিয়ে তার আরেক সংকলন نحو الفقهاء নিয়েও লিখেছি। এছাড়াও أصول العربية بين متقدمي النحاة ومتأخريهم: دراسة في فكر أبي إسحاق الشاطبي নামে তার আরো একটি কিতাব রয়েছে। মূল কথা হলো, একটা বিষয় নিয়ে দীর্ঘ দিন লেগে থাকলেই কেবল এত চমৎকার সব কাজ করা কারো পক্ষে সম্ভব হয়।
── .✦ উসতায আবু রাফআন সিরাজ



